মুন্সিগঞ্জ, ২০ অক্টোবর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতনের সার্বিক সহযোগিতায় মুন্সিগঞ্জের শিলই মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০টি ফ্যান, পানির ফিল্টার স্থাপন ও শ্রেণিকক্ষ সংস্কারের কাজ করা হয়েছে। বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদানের পরিবেশ উন্নত করা এবং তাদের জন্য আরও আরামদায়ক ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে এসব কাজ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, শিলই ইউনিয়ন বিএনপির সাবেক তিনবারের সভাপতি সাঈদ বেপারী, ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবেক প্রধান শিক্ষক হারুন মাস্টার এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন। বিদ্যালয়সংশ্লিষ্টরা জানান, শিক্ষার্থীদের লেখাপড়ার উপযোগী পরিবেশ নিশ্চিত করতে শ্রেণিকক্ষে ফ্যানের ব্যবস্থা, বিশুদ্ধ পানির জন্য পানির ফিল্টার স্থাপন এবং কক্ষ সংস্কার করা হয়েছে। এসব উদ্যোগের ফলে বিদ্যালয়ের শিক্ষার্থীরা আরও সুন্দর পরিবেশে পাঠ গ্রহণের সুযোগ পাবে বলে আশা করা হচ্ছে।
স্থানীয়দের মতে, শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার্থীদের মৌলিক সুবিধা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।